একটা সময় অনেকে মনে করতেন গ্রামের মানুষের করোনা হবে না। এ ধারণা ভুল প্রমাণ করে করোনা সংক্রমণ এখন গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১৩ জুলাই) তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
তিনি বলেন, হাট বাজারে, চায়ের দোকানে জটলা তৈরি না করে করোনা প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে হবে। কেউ যেন ফেরিঘাট, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল এবং কোরবানির পশুর হাটে বাধভাঙা ভিড় না করে সে বিষয়ে কঠোর হতে হবে।
এ সময় সামাজিক ও স্বেচ্ছাসেবীসহ দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দলকে সচেতনতা বাড়ানো জন্য ক্যাম্পেইন পরিচালনার আহ্বান জানান তিনি।
নিজের সুরক্ষার জন্য সতর্ক না হলে, উদাসীনতা দেখালে কেউ আমাদের সুরক্ষিত করতে পারবে না উল্লেখ করে সেতুমন্ত্রী আরও বলেন, একসময় হয়তো হাসপাতালে বেড বাড়িয়েও রোগী সামাল দেওয়া যাবে না। সেই পরিস্থিতি মাথায় রেখে মাস্ক পরিধান নিশ্চিত করার পাশাপাশি সামজিক দূরত্ব বজায়সহ অন্যান্য সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
তিনি বলেন, লকডাউনকে ফাঁকি দেওয়া গেলেও করোনাকে ফাঁকি দেওয়া যায় না। তার প্রমাণ অতিসংক্রমণ এবং মৃত্যুর উচ্চ হার। করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎসবের যে সুযোগ করে দিয়েছেন তার সদ্ব্যবহার করার জন্য দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।
করোনার সংকটকালে এবং ঈদুল আজহা উপলক্ষে অসহায়, দুঃস্থ ও খেটে-খাওয়া মানুষের পাশে থাকতে আওয়ামী লীগের সব নেতাকর্মীর প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
বার্তাবাজার/পি