সাংবাদিক তানু’র মিথ্যা মামলা বাতিলের দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন
ঠাঁকুরগাওয়ের সাংবাদিক তানভীর হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা,তথ্য প্রদানে বাঁধা এবং হয়রানী করার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৩ জুলাই) বেলা ১১টার দিকে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম প্রেসক্লাবের আয়োজন ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়।
সভাপতিত্ব করেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নিলু। সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, দৈনিক কুড়িগ্রাম খবর’র প্রকাশক ও সম্পাদক ছানালাল বকসী, একাত্তর টিভি ও জনকন্ঠের স্টাফ রিপোর্টার রাজু মোস্তাফিজ, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও কালেরকন্ঠ প্রতিনিধি আব্দুল খালেক ফারুক, বাংলা ভিশন ও ইউএনবি প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, এনটিভি প্রতিনিধি হাসিবুর রহমান হাসিব, নিউজ২৪ টিভি ও দৈনিক সংবাদ প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য্য, দৈনিক ইত্তেফাক ও বাংলা নিউজ প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন, জাগোনিউজ২৪.কম ও দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি মাসুদ রানা, বার্তা বাজার প্রতিনিধি সুজন মোহন্ত প্রমুখ।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন একটি কালো আইন। এতে করে সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশে বাধাগ্রস্ত হচ্ছে। দুর্নীতিবাজরা শত দুর্নীতি করেও পার পেয়ে যাচ্ছে।
এই কালো আইন বাতিল এবং সাংবাদিক তানভীর হাসান তানু’র বিরুদ্ধে মিথ্যা মামলা বাতিল সহ ঠাকুরগাঁও হাসপাতালের রোগীদের খাবারের দুর্নীতির সাথে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনা হোক।
সুজন মোহন্ত/বার্তা বাজার/টি