ঈদে বাড়ি যাওয়া যাবে, ফেরা যাবে না ঢাকায়

আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে দেশে চলমান বিধিনিষেধ শিথিল করা হয়েছে। এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলবে। ঈদকে সামনে রেখে বাড়ি ফিরবেন রাজধানীবাসী।

তবে বাড়ি গিয়ে আটকা পড়তে হবে তাদের। কেননা ঈদের একদিন পর থেকেই আবারও কঠোর লকডাউন জারি করা হয়েছে। এ সময় সকল গণপরিবহন বন্ধ থাকবে। ঈদে বাড়ি গেলেও ফেরা কঠিন।

আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে ঈদের পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত পুনরায় কঠোর লকডাউন আরোপ করা হয়েছে।

এ বিধিনিষেধে বলা হয়েছে, সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন (অভ্যন্তরীণ বিমানসহ) ও সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ সময়ে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে। শপিংমল/মার্কেটসহ সকল দোকানপাট বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সংকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

২৩ জুলাই থেকে বিধিনিষেধ বাস্তবায়নে আবারও মাঠে থাকবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর