মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম, এ মোতালেব মিয়া মারা গেছেন। মঙ্গলবার (১৩ জুলাই) ভোররাত সাড়ে ৫ টার সময় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি দীর্ঘ বছর যাবত উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত কিডনি সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। প্রতি সপ্তাহে ৩/৪ বার ডায়ালাইসিস করা লাগতো। কিন্তু তার মেয়ে রাজৈর পৌরসভা আ.লীগের যুগ্ন আহবায়ক গোপা শারমিন গত ২৮ জুন করোনায় আক্রান্ত হয়। এরপর তাকে ডায়ালাইসিস করাতে না পারায় কয়েকদিন আগে উপজেলা কোয়ার্টার বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঢাকা নিয়ে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে আ.লীগের কেন্দ্রীয় নেতাকর্মী, প্রশাসনিক কর্মকর্তা ও সংবাদকর্মীরাসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/পি