করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আটজন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন।
মঙ্গলবার (১৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে আটজন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন।
ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, মৃতদের মধ্যে ছয়জন রাজশাহীর, তিনজন নাটোরের, তিনজন নওগাঁর, তিনজন পাবনার, দুইজন চাঁপাইনবাবগঞ্জের, একজন সিরাজগঞ্জের ও একজন বগুড়ার।
রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৪৫৪টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৫০৪ জন।
বার্তা বাজার/নব