ময়মনসিংহের নান্দাইলে চলমান লকডাউন কার্যকরে সেনাবাহিনী টহলের আতঙ্কে পালাতে গিয়ে নূর ইসলাম (৪৫) নামে এক দিনমজুর মারা গেছে। সোমবার (১২ জুলাই) বিকালে উপজেলার তারেরঘাট বাজারে এই ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি আগমুশুলী গ্রামের দুখু মিয়ার পালিত পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, লকডাউন কার্যকর করতে সারা দেশের মত নান্দাইলেও নিয়মিত সেনাবাহিনী টহল জোরদার ছিল। সোমবার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল হকের নেতৃত্বে সেনাবাহিনীর একদল সদস্য তারেরঘাট বাজারে এসে মানুষকে মাস্ক পড়তে উৎসাহিত করে। সেনা সদস্যরা চলে যাওয়ার সময় আতঙ্কে মানুষ দৌড়াতে থাকে। অন্যদের সাথে নূর ইসলামও বাজারের পান মহাল থেকে দৌড় দিলে হোচট খেয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
তারঘাট আনসারিয়া আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক নূরুল কবির বলেন, প্রথমবার বাজারে এসে সেনাবাহিনী সদস্যরা সড়কে অবস্থান করার সময় বাজারের ভিতরে লোকজন আতঙ্কে ছোটাছুটি করতে থাকে। এর কিছুক্ষণ পর নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজারের মূল সড়কে আসলে দ্বিতীয়বারের মত নূর ইসলামসহ মানুষজন ভয়ে অন্যদের সাথে ছোটাছুটি করে। তখন পড়ে গিয়ে নূর ইসলামের মৃত্যু হয়।
ওই বাজারের একাধিক পল্লী চিকিৎসক বলেন, ধারণা করা হচ্ছে ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
এই বিষয়ে সহকারি কমিশনার (ভুমি) মাহফুজুল হক বলেন, লকডাউন কার্যকরে জনসচেতনতা বাড়াতে সোমবার তারেরঘাটসহ বেশ কিছু বাজারে মোবাইলকোর্ট পরিচালনা করেছেন। কিন্তু ভয়ে কোন ব্যক্তি মারা যাওয়ার ঘটনা শুনেননি। বিষটি দুঃখজনক।
মজিবুর রহমান ফয়সাল/বার্তা বাজার/এসজে