নাটোরে চিরকুটসহ উদ্ধার ৪ বোমা নিস্ক্রিয় করা হয়েছে
নাটোরের গুরুদাসপুর পৌরসদরের উত্তর নাড়ি বাড়ি মোড়ে পরিত্যক্ত অবস্থায় পাওয়া লালটেপে মোড়ানো চারটি তাজা বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। ঢাকা থেকে আসা র্যাবের বোম নিষ্ক্রীয়কারী দল সোমবার (১২ জুলাই) সন্ধ্যা রাত ৮টার দিকে নাড়িবাড়ি বিলে ওই বোমা চারটি নিষ্ক্রিয় করে। এসময় বিকট শব্দ হয়েছে। সকাল থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছিলো।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস রাজ্জাক জানান, সোমবার ভোরে নাড়িবাড়ির স্থানীয় বাসিন্দারা পলিথিনে মোড়ানো প্রায় ১ কেজি ওজনের চারটি বোমা পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে ভোরেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের নিরাপদ দূরত্বে পাঠায়।
ওসি জানান, বোমা পাওয়ার বিষয়টি তিনি প্রথমে নাটোরের পুলিশ সুপারকে জানান। পুলিশ সুপার রাজশাহী র্যাবের বোমা নিষ্ক্রিয় দলকে খবর দেন। র্যাব- ৫ এর রাজশাহীর বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞ দলটি মেজর মশিউর ও মেজর আরিফের নেতৃত্বে প্রাথমিকভাবে পরীক্ষার পর জানতে পারেন বোমাগুলো শক্তিশালী। একারণে বোমা নিষ্ক্রিয় করার জন্য সকালেই র্যাবের ঢাকার বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়।
পুলিশ জানায়, র্যাবের ঢাকা বোমা নিষ্ক্রিয়কারী দলটি বিকাল ৪টার দিকে বোমাগুলো উদ্ধার করা হয়। এরপর বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু করেন। একপর্যায়ে এলাকায় মাইকিং করে ১ কিলোমিটারের মধ্য কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে সন্ধ্যা ৮ টার দিকে র্যাবের ঢাকার দলটি বোমাগুলো নিষ্ক্রিয় করে।
এর আগে পলিথিনে লাল টেপে মোড়ানো বোমার সাথে ছোট্ট কাগজে একটি চিরকুট ছিল। তদন্তের স্বার্থে চিরকুটের ব্যাপারে পুলিশ কিছু জানায়নি। তবে বোমাগুলো কারা কোথায় ব্যবহারের জন্য রেখেছেন তা জানা যায়নি।
কাউকে গ্রেফতারও করা হয়নি। সকালেই ঘটনাস্থলে আসেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, গুরুদাসপুর সিংড়া সার্কেল সহকারী পুলিশ সুপার জামিল আকতার ঘটনাস্থলে আসেন। এ বিষয়ে মঙ্গলবার সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি খোলাসা করবেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
সাকলাইন শুভ/বার্তা বাজার/টি