ছাগলের পাতা খাওয়াকে কেন্দ্র করে মারামারি: ৮ আসামি কারাগারে
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় লকডাউন অমান্য করে এক জায়গায় সংঘবদ্ধ হয়ে মারামারি করার ঘটনা ঘটেছে। বোয়ালমারী পৌরসদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রবিবার (১১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ৮জনকে আটক করে।
সোমবার দুপুরে এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ১৭ জনের নামে মামলা করেছেন। মামলা নম্বর ৫।
থানা ও এলাকা সূত্রে জানা যায়, রবিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামে ছাগলে কাঠাল গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে ওই গ্রামের রাজ্জাক শেখ ও জাফর শেখ পক্ষের মধ্যে মারামারি হয়। মারামারিতে আহত রাজ্জাক শেখ পক্ষের জাবের শেখকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
ঘটনার দিন রাত সাড়ে ১০ টার দিকে দুই পক্ষই দল বেধে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জড়ো হয়ে পুনরায় মারামারিতে জড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইপক্ষের মারামারিকে নিয়ন্ত্রণ করে ৮ জন আটক করেন।
আটকৃতরা হলো- উপজেলার সাতৈর গ্রামের মো. রফিকুল ইসলাম মোল্যা (৪৫), রাজ্জাক মোল্যা (৫৫), সুজন মোল্যা (৩৫), শাহিন মোল্যা (৩০), চয়ন মোল্যা (২০), হোসাইন মোল্যা (২৫), নেহাল সিকদার (৪০), জুয়েল সিকদার (৪০)। এ ঘটনায় থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) বিকাশ চন্দ্র বাদি হয়ে ১৭ জনের নামে মামলা করেছেন। মামলা নম্বর ৫। আটকতৃদের মধ্যে দুইপক্ষের লোকজনই রয়েছে।
সোমবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার উপপরিদর্শক আক্কাচ আলী জানান, করোনাভাইরাসের সংক্রামন রোধে সরকারের চলমান লকডাউন অমান্য করে বেআইনী ভাবে জড়ো হয়ে মারামারি করার অপরাধে ১৭ জনের নামে মামলা হয়েছে। মারামারির ঘটনাস্থল থেকে ৮জন আসামিকে আটক করে সোমবার ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে ।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি