২০০ গাঁজা গাছসহ গ্রেফতার গাঁজাচাষী আ’লীগ নেতা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আতিক জামান ডেভিড সরকার (৪১) নামে এক আওয়ামী লীগ নেতাকে ২০০টি গাজার গাছসহ গ্রেফতার করেছে র্যাব-১২ এর একটি দল। গ্রেফতার ডেভিড সরকার উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
রোববার (১১ জুলাই) সন্ধ্যায় তাকে উপজেলার পুর্ব ভদ্রকোল পশ্চিমপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় গাঁজার গাছগুলো জব্দ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যার পর উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিক জামান ডেভিড সরকারের বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় তিনি বাড়িতে ছিলেন। ওই বাড়িতেই গাঁজার গাছগুলো ছিল।
এ বিষয়ে উল্লাপাড়া থানার এসআই হুজ্জাতুল জানান, সন্ধ্যায় গ্রেপ্তারের পর রাত পৌনে বারোটার দিকে আতিক জামান ডেভিডকে থানায় হস্তান্তর করে র্যাব। তার বিরুদ্ধে নিজ জমিতে গাঁজার চাষ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি জানান, আতিক জামানের ব্যাপারে স্থানীয় প্রশাসন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। সংগঠনের পক্ষ থেকেও বিয়য়টি তদন্ত করে দেখা হবে।
উল্লাপাড়া থানার ওসি দীপক কুমার দাস বলেন, আতিক জামানকে সোমবার আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
বার্তা বাজার/এসজে