করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে চলছে কঠোর লকডাউন। লকডাউনের বিধিনিষেধ অমান্য করেই রাজধানী ছাড়ছেন মানুষ। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে ঢাকা ছাড়ছেন মানুষ।
মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিধিনিষিধ উপেক্ষা করে ফেরি দিয়ে নদী পার হচ্ছেন তারা। গণপরিবহন বন্ধ থাকলেও ছোট ছোট যানে ভেঙে ভেঙে ফেরিঘাটে আসছে মানুষ।
অনেকেই চেকপোস্টে বিভিন্ন অজুহাত, মিথ্যে বলে ফেরিঘাটে আসছেন। আবার অনেকে চেকপোস্ট এড়িয়ে ভিন্ন পথে ফেরিঘাটে ছুটে আসছেন।
একজন জানান, গরু কেনার জন্য বাড়িতে যাচ্ছি। অন্য একজন বলেন, আত্মীয় মারা গেছে তাই যাচ্ছি। এক ছাত্র জানান, ঢাকায় খাবারের কষ্ট, এজন্য বাধ্য হয়েই বাড়ি চলে যাচ্ছি।
তবে সকাল থেকে শিমুলিয়া ঘাটে ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখা গেছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বলছে, যারা বিধিনিষেধ অমান্য করছে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
মুন্সীগঞ্জ লৌহজং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন বলেন, চেকপোস্টে আমাদের নজরদারি রয়েছে। তারা ভিন্নপথে ঘাটে এসেছে।
উল্লেখ্য, দেশে কঠোর লকডাউন ঘোষণার পর থেকে শিমুলিয়া-বাংলাবাজার রুটে সব নৌযান চলাচল বন্ধ রয়েছে। ১১টি ফেরি দিয়ে এই রুটে যানবাহন চলছে।
বার্তা বাজার/নব