বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তের বিপরীতে ভারতে বিএসএফের গুলিতে আব্দুর রাজ্জাক (১৯) নামে এক বাংলাদেশি যুবক নিহতের অভিযোগ পাওয়া গেছে।

নিহত আব্দুর রাজ্জাক উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর এলাকার রমজান গাজীর ছেলে।

রোববার (১১ জুলাই) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।

নিহতের চাচা হাবিবুর রহমান জানান, রোববার দুপুরের দিকে তার ভাতিজা আব্দুর রাজ্জাক বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সোমবার সকালে ফেসবুকের মাধ্যমে জানতে পারেন ভাতিজা রাজ্জাক সীমান্তবর্তী ইছামতী নদী পার হয়ে অবৈধ পথে ভারত থেকে গরু পাচারকালে বিএসএফের গুলিতে নিহত হয়েছে। আব্দুর রাজ্জাকের মরদেহ ফেরত আনার জন্য বসন্তপুর বিজিবির কাছে আবেদন দিয়েছেন বলে জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেক খান বলেন, রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে তারা সীমান্তে তিনটি গুলির শব্দ, এর কিছুক্ষণ পর আরও একটি গুলির শব্দ শুনেছেন। এদিকে বিভিন্ন সোর্স এর মাধ্যমে জানা গেছে নিহত ওই যুবকের মৃতদেহ ভারতের একটি হাসপাতালে রয়েছে এবং বিএসএফ সেটি নিশ্চিত করেছেন। তবে কিভাবে তাকে মারা হয়েছে সেটি বলেনি বিএসএফ।

স্থানীয় সূত্র জানায়, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন যাবত নদীপথে ভারত থেকে গরুসহ অবৈধ মালামাল আনা নেওয়ায় নিয়োজিত ছিল।

বসন্তপুর ক্যাম্প ইনচার্জ হাবিলদার খলিল হোসেন জানান, পরিবারের সদস্যদের মাধ্যমে বিএসএফ’র গুলিতে আব্দুর রাজ্জাক নামে এক যুবকের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি।

এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য হিঙ্গলগঞ্জ ক্যাম্পে বিএসএফ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর