বিশ্বে করোনায় মৃত্যুর তালিকায় শীর্ষ দশে বাংলাদেশ
করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ে দেশে সংক্রমণ ও মৃত্যু হু হু করে বাড়ছে। প্রতিদিনই মৃত্যুর রেকর্ড ভাঙছে। গত কয়েকদিন ধরেই দেশে করোনায় প্রায় দুইশ জনের মৃত্যু হচ্ছে।
এতেই বিশ্বে করোনায় মৃত্যুর তালিকায় শীর্ষে দশে ঠাঁই হলো বাংলাদেশের। করোনাভাইরাস পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তালিকার দৈনিক মৃত্যুর শীর্ষ দশে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে (৯ জুলাই পর্যন্ত হালনাগাদ) সারাবিশ্বে করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১০ম।
করোনায় গত এক সপ্তাহে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। এ তালিকায় দুইয়ে আছে ভারত। অন্যদিকে নতুন রোগী শনাক্তের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১২তম।
দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গতকাল দেশে করোনায় রেকর্ড ২৩০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৭৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সংক্রমণ ও মৃত্যু এভাবে বাড়তে থাকলে আগামী ৭ থেকে ১০ দিন পর হাসপাতালে শয্যা খালি পাওয়া যাবে না। সংক্রমণ নিয়ন্ত্রণে না আসলে পরিস্থিতি আরও ভয়ানক আকার ধারণ করবে।
বার্তা বাজার/নব