বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের ডেল্টা ধরন। করোনার এ ধরন প্রথম শনাক্ত হয় ভারতে। এ ধরনের কারণে এপ্রিল ও মে মাসে নাজেহাল অবস্থা হয় ভারতের।
এ ধরন অতিসংক্রামক। বিশ্বের ৯০টির বেশি দেশে এ ধরন শনাক্ত হয়েছে। এ ধরনকে সবচেয়ে বাজে ধরন হিসেবে অ্যাখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি।
তিনি বলেন, এটা খুবই স্পষ্ট যে করোনার ডেলটা ধরন সবচেয়ে বাজে। ডেল্টা ধরন অতিসংক্রামক। ডেল্টা ধরনে মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়ার ক্ষমতা অনেক বেশি।
ফাউসি বলেন, করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্রে যেসব টিকা ব্যবহার করা হচ্ছে সেগুলো খুব ভালো কাজ করছে। ডেল্টা ধরনের বিরুদ্ধে টিকাগুলো সুরক্ষা দেয়।
তিনি আরও বলেন, খারাপ খবর হলো, ডেল্টা খুবই ভয়ানক ধরন। আর ভালো খবর হলো, আমাদের টিকা আছে, যা এই ধরনের বিরুদ্ধে ভালো কাজ করে। এজন্য জনগণকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানান ফাউসি।
বার্তা বাজার/নব