বরিশাল বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ২২ জনের মৃত্যু হয়েছে। যা কিনা একদিনে সর্বোচ্চ মৃত্যু।
নতুন করে এ বিভাগে ৫৭৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ হাজার ৬৮৪ জনে।
সোমবার (১২ জুলাই) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস এম মনিরুজ্জামান ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব গাঙ্গুলি এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্তদের মধ্যে বরিশালে ২১৬ জন, পটুয়াখালীতে ৪৯ জন, ভোলায় ৩৭ জন, পিরোজপুরে ৯৪ জন, বরগুনায় ৬৬ জন এবং ঝালকাঠিতে ১১৩ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ যাবৎকালের সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়। ঝালকাঠিসহ অন্যান্য জেলায় আরও ৩ জন মারা গেছেন। বরিশাল বিভাগে করোনায় মোট মারা গেছেন ৩৫২ জন।
বার্তা বাজার/নব