যেকোনো সময় জিজ্ঞাসাবাদ হতে পারে ইভ্যালির চেয়ারম্যান-এমডিকে

দেশের আলোচিত ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান ও এমডিকে যেকোনো সময় দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসাবাদ করতে পারে। তাদেরকে অনুসন্ধানের জন্য জিজ্ঞাসাবা করতে আইনগত কোনো বাঁধা নেই বলে জানিয়েছে দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

রোববার (১১ জুলাই) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান।

দুদকের এই আইনজীবী বলেন, গত বছরের নভেম্বর থেকে ইভ্যালির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছে। এই অবস্থায় এবিষয়ে গত ৮ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় থেকে দুদকে একটি চিঠি আসে। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাত পৃষ্ঠার একটি প্রতিবেদনও আসে। এগুলো অনুসন্ধানের সাথে যু্ক্ত করা হয়েছে। এ অবস্থায় জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতেও পারে।

তিনি আরও বলেন, অনুসন্ধান চলাকালীন যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে আইনগত কোন বাধা নেই আইনে। দুদককে সেই ক্ষমতা দেওয়া হয়েছে আইনে। অনুসন্ধানকারী দল ইচ্ছা করলে অনুসন্ধানের স্বার্থে যেকোন সময় ইভ্যালির যে কোন কর্মকর্তাকে সেটা চেয়ারম্যানই হোক আর এমডিই হোক, তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবে।

জানা যায়, ইভ্যালির সকল দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। কিছুদিন আগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এমডির বিদেশ যাত্রায়ও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর