কুমিল্লায় ৫ বাসে আগুন

কুমিলার বুড়িচংয়ে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় পাশে দাঁড়িয়ে থাকা ৫ টি বাস পুড়ে গেছে। রোববার (১১ জুলাই) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

নিমসার ফিলিং স্টেশন নামের ওই পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পাম্পটির ম্যানেজার শাহ আলম জানান, লকডাউনে বাস চলাচল বন্ধ থাকায় আমাদের ফিলিং স্টেশনের পাশেই এশিয়া পরিবহনের ৫টি বাস রাখা হয়েছিল। রোববার বিকাল ৪টার দিকে একটি বাসে আচমকাই আগুন লেগে যায়। এসময় পাশে থাকা অন্য বাসগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, আমরা ৯৯৯ নাম্বারে কল করে ফায়ার সার্ভিসকে খবর দিলে সার্ভিসের কুমিল্লা সদর দপ্তরের ২টি ও চান্দিনার ২টি ইউনিট ঘটনাস্থলে আসে।

এ বিষয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শরফুদ্দীন জানান, আমাদের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে এ ব্যাপারে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর