লকডাউন বৃদ্ধির ব্যাপারে যা জানালেন নৌ প্রতিমন্ত্রী
চলমান লকডাউন আগামী ১৪ জুলাইয়ের পর বাড়ানো হবে কি না তা পরিস্থিতির উপর নির্ভর করছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রোববার (১১ জুলাই) বিকালে সচিবালয়ে নিজ দপ্তরে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে তিনি এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, চলমান বিধি নিষেধ কার্যকর থাকবে আগামী ১৪ জুলাই নাগাদ। এজন্য সরকারের পরামর্শক কমিটি আছে। তারা যদি মনে করে বিধিনিষেধের মেয়াদ বাড়ানো প্রয়োজন তাহলে বাড়াতে হবে। সব কিছু নির্ভর করবে পরিস্থিতির উপর।
বিধিনিষেধ চলাকালে ফেরি চলাচলের বিষয়ে তিনি জানান, আমরা ফেরি বন্ধ করিনি। চলমান আছে। কারণ ফেরিতে আম্বুলেন্স, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি বিশেষ প্রয়োজনে মুভমেন্ট দরকার হয়। এজন্য এটা চালু থাকবে।
ফেরি দিয়ে গত ঈদে মানুষ চলাচল করেছে, এবারও এমন কিছু হবে কি না জানতে চাইলে তিনি বলেন, গত বছর প্রচুর মানুষ ফেরিতে গেছে, লোক সমাগম হয়েছে। যাত্রী পারাপারে আমরা কঠোর ছিলাম। এখনও আছি। তবে এবার স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
খালিদ মাহমুদ বলেন, আমরা যদি বেঁচে থাকি তাহলে জীবনে অনেক ঈদ আসবে। আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারব যদি করোনাকে জয় করতে পারি।
বার্তা বাজার/এসজে