চট্টগ্রামে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

চট্টগ্রামে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ হাবিবুল ইসলাম (২৯) নামের এক মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-৭। এসময় জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত একটি মোটরবাইক।

হাবিবুল টেকনাফ দক্ষিণ ডেইল পাড়ার আব্দুল করিমের ছেলে।

শনিবার (১০ জুলাই) মহানগরীর বাকলিয়া থানাধীন মীর ফিলিং স্টেশনের বিপরীত পাশে রাজবাড়ী কনভেশন সেন্টারের সামনে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার।

রবিবার (১১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, মোটর বাইক যোগে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা শাহ আমানত সংযোগ সড়কে অবস্থান নেয়। এসময় কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখে ছেড়ে আসা একটি বাইক থেকে নেমে পালানোর সময় ধাওয়া করে তাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ৪ হাজার ৫২০পিস ইয়াবা বড়িসহ তাকে আটক করা হয়।

ধৃত ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে সূত্রটি।

এদিকে জানা যায়, সে টেকনাফ এলাকায় একটি কথিত নিউজ পোর্টালের সম্পাদক। কৌশলে বাগিয়ে নিয়েছিলো স্থানীয় একটি সাংবাদিক সংগঠনের সদস্য পদ। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত কর্মকান্ড সন্দেহ হলে গত জুন মাসে এক জরুরী সভায় তাকে সংগঠন থেকে বাদ দেয়ার একটি প্রস্তাব গৃহীত হয়েছিলো।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর