বজ্রপাতে কেউ মারা গেলে ফখরুল হয়তো আ.লীগকে দায়ী করবেন
দেশে বজ্রপাতে কেউ মারা গেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো আওয়ামী লীগকে দায়ী করবেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, মির্জা ফখরুল হয়তো কোনো একসময় বলবেন বজ্রপাতে কেউ মারা গেলে তার জন্যও আওয়ামী লীগ দায়ী!
রূপগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় নাকি আওয়ামী লীগ দায়ী, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
রোববার (১১ জুলাই) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে করোনা সুরক্ষাসামগ্রী ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
রূপগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, রূপগঞ্জের ঘটনায় সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সারাদেশে যারা এভাবে অনিয়মের মধ্যে ব্যবসা পরিচালনা করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে দলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বার্তা বাজার/নব