নকল ব্যান্ডরোলে মোড়ানো ১৬ বস্তা বিড়িসহ যুবলীগ নেতা আটক

জামালপুরের মেলান্দহে নকল ব্যান্ডরোলে মোড়ানো বাদশা বিড়িসহ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

আটককৃত উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন বাঘা (৪০) মেলান্দহ উপজেলার শ্যামপুরের দিঘলবাড়ি গ্রামের মৃত বাদশা বাঘার ছেলে।

গতকাল শনিবার (১০ জুলাই) র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকুজ্জামানের নেতৃত্বে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দিঘলবাড়ি এলাকায় বাদশা বিড়ি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ১৬ বস্তা নকল ব্যান্ডরোলে মোড়ানো বাদশা বিড়িসহ তাকে আটক করে। র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এস এম সবুজ রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এস এম সবুজ রানা বলেন, শাহীন বাঘাকে মেলান্দহ থানায় সোপর্দ করা হয়েছে। র‍্যাব-১৪ এর ডিএডি মো. রাশেদুজ্জামান বাদী হয়ে শাহীন বাঘাকে আসামি করে কর ও শুল্ক ফাঁকির অভিয়োগ এনে মেলান্দহ থানায় মামলা দায়ের করেছেন।

তিনি আরও বলেন, ফ্যাক্টরিতে জাল ব্যান্ডরোলে মোড়ানো প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ১৬টি বস্তায় ১৮ হাজার ১৫শ’ বাদশা বিড়ির প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল ব্যান্ডরোলে মোড়ানো বিড়ি জব্ধ করা হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানিয়েছেন, র‍্যাবের উদ্ধারকৃত অবৈধ জাল ব্যান্ডরোলে মোড়ানো ১৬ বস্তা বিড়ি জব্ধ করা হয়েছে। বিড়ির মালিক শাহীন বাঘার বিরুদ্ধে রাজস্ব শুল্ক, কর ফাঁকি ও জালিয়াতির অভিযোগে মেলান্দহ থানায় মামলা দায়ের হয়েছে। আসামি শাহীন বাঘাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ বলেন, জেলার নেতৃবৃন্দের সাথে কথা বলে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর