দোষীরা পার পেয়ে যাওয়ায় থামছে না মৃত্যুর মিছিল: জিএম কাদের
কারখানায় অগ্নিকাণ্ডে শ্রমিক মৃত্যুর ঘটনায় দোষীরা পার পেয়ে যাওয়ায় মৃত্যু মিছিল থামছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
তিনি বলেন, প্রত্যেক বছর কারখানায় অগ্নিকাণ্ডে বহু শ্রমিক মারা যাচ্ছে। কিন্তু দোষীরা ঠিকই আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। এ কারণে থামছে না অগ্নিকাণ্ড, থামছে না মৃত্যুর মিছিল।
রোববার (১১ জুলাই) এক বিবৃতিতে এসব কথা বলেন জিএম কাদের।
জিএম কাদের বলেন, প্রতিটি দুর্ঘটনায় তদন্ত কমিটি তৈরি করা হয়। তাদের প্রতিবেদন আসে এবং তাতে কিছু সুপারিশও থাকে। কখনও তা জনগণ জানতে পারে, আবার কখনও তা গোপন থাকে। তবে বাস্তবায়ন হয়না বললেই চলে।
ফায়ার সার্ভিসের তথ্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, দেশে গত ১৫ বছরে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ হাজার ৩১৭ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ১২ হাজার ৩৭৪ জন। এর মধ্যে একটি বিশাল অংশই শ্রমিক শ্রেণির মানুষ।
জাপা চেয়ারম্যান বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার তাজরীন ফ্যাশনস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১৭ জন পোশাকশ্রমিক মারা যান। অগ্নিকাণ্ডে আহত হন ২০০-এর বেশি শ্রমিক। প্রতিটি দুর্ঘটনায় একমাত্র উপার্জনক্ষম মানুষের মৃত্যুতে দারিদ্র্যপীড়িত পরিবারগুলোতে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়।
জিএম কাদের বলেন, ভবনগুলো বিল্ডিং কোড মেনে তৈরি হয় না। এমনকি সুনির্দিষ্ট নীতিমালা না মেনেই কারখানাগুলো তৈরি হয়। কারখানায় আগুন প্রতিরোধে প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকে না।
তিনি আরও বলেন, কারখানায় তদারকি নেই, আর দায়িত্বশীলদের জবাবদিহিতা নেই বললেই চলে। এ কারণেই কারখানায় আগুন লাগলে শ্রমিকদের রেহাই মেলে না। তাই অগ্নিকাণ্ড কমাতে এবং শ্রমিকদের জীবন বাঁচাতে সরকারকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।
বার্তা বাজার/নব