রূপগঞ্জে নিহত প্রত্যেকের পরিবার প্রতি ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা করে ও আহতদের ৩৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

শনিবার রাতে ই-মেইলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর আবেদনটি পাঠান কয়েকটি মানবাধিকার ও আইনগত সহায়তাকারী সংগঠন।

সংগঠনগুলো হলো- আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি।

রিট আবেদনে সংশ্লিষ্ট বিষয়ে রুল জারির আরজি জানানো হয়েছে। রিটে আপাতত নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ১০ লাখ এবং আহতদের জন্য ৫ লাখ টাকা করে দিতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৮ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৫২ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও ২৫ জন শ্রমিক।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর