কোপার ফাইনাল শেষে ব্রাহ্মণবাড়িয়ায় কি চলছে?
কোপা আমেরিকার ফাইনালের আগে ব্রাজিল-আর্জেন্টিনার খেলাকে কেন্দ্র করে দুই দলের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এ কারণে এ জেলায় সহিংসতা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছিল।
তবে ফাইনালের পর ব্রাহ্মণবাড়িয়ায় অপ্রীতিকর কোনো কিছু ঘটেনি। জেলার বেশ কিছু জায়গায় আর্জেন্টিনা ভক্তদের আনন্দ মিছিল দেখা যায়। তবে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রোববার (১১ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার অ্যাডিশনাল এসপি (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন বিষয়টি জানিয়েছেন।
সকালে সরেজমিনে দেখা যায়, খেলা শেষে পৌরশহরের দক্ষিণ মৌড়াইলে আর্জেন্টিনার ২০-২৫ জন সমর্থক আনন্দ মিছিল করে। তারা মিছিলটি নিয়ে রেলস্টেশনের দিকে যেতে চাইলে পুলিশ বাঁধা দেয়। মিছিলটি ২মিনিটের স্থায়ী ছিল।
এছাড়াও জেলার আশুগঞ্জ হাসপাতাল রোডে ৩০-৩৫ জন মিলে একটি আনন্দ মিছিল বের করে। যা ৫ মিনিটের মত স্থায়ী ছিল। তবে জেলার কোথাও খেলা নিয়ে সংঘর্ষ বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
এডিশনাল এসপি (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, জেলার ১১৬টি বিটে ভোর থেকে ৪৫টি মোবাইল পার্টিসহ অন্তত এক হাজারের বেশি পুলিশ সদস্য মাঠে রয়েছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে কেউ যেন জেলার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারেন সেজন্য পুলিশকে সতর্ক করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কোপা আমেরিকার ফাইনাল নিয়ে গত কয়েকদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এমনকি হামলা ও পাল্টা হামলার ঘটনাও ঘটেছে। এই হামলার খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে আসে।
বার্তা বাজার/নব