রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন।
রোববার (১১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন।
ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, মৃতদের মধ্যে নয়জন রাজশাহীর, ছয়জন নাটোরের, দুইজন নওগাঁর ও একজন কুষ্টিয়ার।
এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে রাজশাহীর তিনজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও পাবনার একজন মারা গেছেন। অন্যদিকে করোনার উপসর্গ নিয়ে রাজশাহীর ছয়জন, নাটোরের পাঁচজন, নওগাঁর একজন ও কুষ্টিয়ার একজনের মৃত্যু হয়েছে।
রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৭৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৪৫৪টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৫১৮ জন।
বার্তা বাজার/নব