কিশোরগঞ্জের হোসেনপুরে প্রধানমন্ত্রীর নবনির্মিত আশ্রয়ণ প্রকল্পে সন্ত্রাসী হামলার ঘটনায় মোঃ বিজন ওরফে বিজয় মিয়া (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার চর জিনারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামেরই আমির হামজার ছেলে।
হোসেনপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান ‘বার্তা বাজারকে’ মুঠোফোনে জানিয়েছেন, আশ্রয়ণ প্রকল্পে চাঁদা চাওয়া ও শ্রমিকদের মারধরের ঘটনায় তদন্ত অনুযায়ী তিনজনের নাম আসে। রাতেই অভিযান চালিয়ে তাদেরই একজন বিজয়কে চর জিনারী এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদা চাওয়া ও ভাংচুরের ঘটনাটি সে স্বীকার করেছে । বাকী ২ জনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
জানা যায়, উপজেলার জিনারী ইউনিয়নের চরজিনারী গ্রামে নির্মিত আশ্রয়ণ প্রকল্পে কাজ চলাকালীন সময়ে স্থানীয় কয়েকজন যুবক নির্মিত আশ্রয়ণ প্রকল্পের মিস্ত্রীর কাছে চাঁদা দাবি করে।
চাঁদা না দেওয়ায় ৯ জুলাই রাতে ১০-১২ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ সামগ্রী থাকা একটি ঘরের দরজা ও দুটি জানালা কুপিয়ে কেটে ফেলে। একটি জানালা সম্পূর্ণ কেটে ফেলে তারা।পরে আশেপাশের লোকজন চলে আসায় পালিয়ে যায় তারা।
বার্তা বাজার/এস.আর