হত্যাচেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান সবুজ গাঁজাসহ গ্রেফতার
মাদারীপুরের কালকিনিতে হত্যা চেষ্টা মামলায় কাজী সবুজ(৪০) নামে এক ইউপি চেয়ারম্যানকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ জুলাই) বিকালে পলাতক অবস্থায় ফরিদপুর জেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। সবুজ উপজেলার ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
পুলিশ সুত্রে জানা গেছে, গত (৫ জুলাই) সোমবার দুপুরে ইউপি চেয়ারম্যান কাজী সবুজের নেতৃত্বে উপজেলার ডাসার এলাকার দর্শনা বাজার কমিটির সাধারন সম্পাদক মানিক সোমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় আহতের স্ত্রী সীমা রায় বাদী হয়ে ওই চেয়ারম্যানকে প্রধান আসামীসহ ৪ জনের নামে উপজেলার ডাসার থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এ মামলায় সবুজকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে কিছু গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, হত্যাচেষ্টা মামলায় সবুজকে ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে কিছু গাঁজাও পাওয়া গেছে।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তা বাজার/টি