নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানায় ভয়াবহ আগুনে পুড়ে ৫২ জনের মৃত্যুকে ‘মর্মস্পর্শী’ বলে উল্লেখ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড লেবার।
শনিবার (১০ জুলাই) এক টুইট বার্তায় তারা লিখে, – ফটক তালাবদ্ধ থাকায় অনেক শ্রমিক দরজার ভেতরে আটকা পড়েছিলেন, ফলে বাংলাদেশের সাম্প্রতিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাটি এতোটা ভয়াবহ রূপ ধারণ করে।
তারা মনে করছে, বাংলাদেশ তথা বিশ্বব্যাপী সব নিয়োগকর্তাকেই তাদের কর্মীদের নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা গুরু দায়িত্ব।
এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস পৃথক টুইট বার্তায় আশাবাদ ব্যক্ত করে বলেন, মারাত্মক ওই অগ্নিকাণ্ডের ঘটনার এমন তদন্ত হবে যাতে এর পেছনের কারণ অনুসন্ধান করা ছাড়াও দায়ীদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যায়। ভবিষ্যতে এ জাতীয় দুর্ঘটনা রোধে ওই অগ্নিকাণ্ডের ‘যথাযথ’ তদন্ত নিশ্চিত করা জরুরি বলে মনে করেন তিনি।
দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র লিখেন, বাংলাদেশের একটি কারাখানায় অগ্নিকাণ্ডে একসঙ্গে ৫০ জনের অধিক শ্রমিকের মৃত্যুর খবরে আমরা খুবই কষ্ট পেয়েছি। ভিকটিমদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইলো। ওদিকে মার্কিন ব্যুরো এবং স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্রের টুইট বার্তাদ্বয় শেয়ার (রি-টুইট) করা ছাড়াও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের তরফে ওই ঘটনায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার লিখেন, যারা স্বজন হারিয়েছে তাদের প্রতি দূতাবাসের আন্তরিক সমবেদনা রয়েছে। আহতদের সুচিকিৎসার মাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করছি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অবস্থিত সেজান জুসের ওই কারখানায় লাগা আগুন ২৮ ঘন্টার চেষ্টায় নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর সেখান থেকে উদ্ধার করা হয় ৫২টি মরদেহ। এই ঘটনায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এমডিসহ ৮ জনকে আটক করার পর ৪ দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বার্তা বাজার/এসজে