রংপুরে ওষুধ কারখানায় ডিবির অভিযান
বিধি বহির্ভূতভাবে ওষুধ তৈরী করায় রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক একটি ওষুধ কারখানায় অভিযান পরিচালনা ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা প্রদান করা হয়।
শনিবার (১০ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনানের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মোঃ ফারুক আহমেদ এর অপারেশন পরিকল্পনা ও নেতৃত্বে পুলিশ পরিদর্শক( নিঃ) ছালেহ্ আহাম্মদ পাঠান, এসআই (নিঃ) বাবুল ইসলাম, সঙ্গীয় অফিসার ফোর্সসহ রংপুর কোতয়ালী থানাধীন রংপুর রবার্টসনগঞ্জ তাঁতীপাড়া ব্রিজ সংলগ্ন এ্যালকাড ল্যাবরেটরীতে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে প্রতিষ্ঠানটির কাগজপত্র যাচাই বাছাই করে দেখা যায় উক্ত প্রতিষ্ঠানের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই এবং প্রতিষ্ঠানটি আবাসিক এলাকায় অবস্থিত।
এছাড়াও ফায়ার সার্ভিস এর লাইসেন্স এর মেয়াদ (৩০ জুন ২০২১) এ শেষ হয়েছে এবং প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ‘জাইম ভেট’ এর অনুমোদন (০৮ আগষ্ট২০১৯) এ শেষ হয়, এরপরেও অক্টোবর ২০২০ সালে অবৈধভাবে পণ্যটি উৎপাদন করেন।
এসময় বিপুল পরিমান ঔষধ প্রস্তুতের ক্যামিকেল, তৈরি ঔষধ ও বিভিন্ন সরঞ্জামাদিসহ সর্বমোট ১৮ লক্ষ টাকার মালামাল জব্দ করা হয়।
পরবর্তীতে উল্লিখিত অপরাধের দায়ে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঔষধ আইন ১৯৪০ এর ২৭ ধারা মোতাবেক উক্ত প্রতিষ্ঠানের মালিক আবু সাইফকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড আদেশ দেন এবং ভুলত্রুটি সংশোধনের নির্দেশ প্রদান করেন।
রংপুর মেট্টোপলিটন উপ পুলিশ কমিশনার (ডিবি এন্ড ক্রাইম) আবু মারুফ হোসেন বলেন, ভেজাল, নিম্নমানের ও অননুমোদিত ওষুধ নির্মূলে মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি’র) অভিযান অব্যাহত থাকবে।
রকি আহমেদ/বার্তা বাজার/টি