প্রধানমন্ত্রী নিজেই অগ্নিকাণ্ডের বিষয়টি মনিটর করছেন: কাদের

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই মনিটর করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১০ জুলাই) বঙ্গবন্ধু আদর্শ ফোরামের দেড় যুগপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন কাদের। তিনি অগ্নিকাণ্ডের ঘটনায় শোক ও স্বজনহারা পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ বিষয়ে মনিটর করছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে মর্যাদাশীল করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। আর মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে।

প্রধানমন্ত্রীর অসীম সাহসে দেশে একের পর এক মেগাপ্রকল্প বাস্তবায়িত হচ্ছে উল্লেখ করে কাদের বলেন, স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের শেষ প্রান্তে রয়েছে। দেশের প্রথম মেট্রোরেল দৃশ্যমান হয়েছে, কর্ণফুলীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজও এগিয়ে চলছে।

তিনি বলেন, বাংলাদেশে এখন মাথাপিছু আয় দুই হাজার দুই শ ডলার ছাড়িয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে ৪৬ বিলিয়ন মার্কিন ডলার।

এতসব উন্নয়ন অর্জন একটি দল দেখতে পায় না জানিয়ে সেতুমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার উন্নয়ন অর্জন দেখলে এক শ্রেণির বুদ্ধিজীবী রাজনীতিবিদদের গাত্রদাহ হয়। তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখতে পায়।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর