‘অসুস্থ বাবাকে উঠানে ফেলে রেখে ভুল করেছি’

লক্ষ্মীপুরে অসুস্থ্য বৃদ্ধ বাবা শফিকুল ইসলামকে (৯৫) ঘর থেকে বের করে উঠানে ফেলে রেখেছিলেন ছেলেরা। পরে আজ ভুল হয়েছে স্বীকার শফিকুলকে (৯৫) মেয়ের শ্বশুরবাড়ি থেকে অবশেষে ঘরে এনে তুলেছেন তারা।

শনিবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে শফিকুল ইসলামকে ২ ছেলে শাহ আলম, আলমগীর হোসেন ও নাতি সিয়াম আহমেদ নিয়ে বাড়ি আসেন।

শফিকুলের ২ ছেলে শাহ আলম ও আলমগীর হোসেন জানান, অসুস্থ বাবাকে ঘর থেকে বের করে দিয়ে ভুল করেছি। এখন থেকে বাবা আমাদের কাছেই থাকবেন। তার সেবা-যত্ন আমরাই করব। নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছিল। এখন আর হবে না এসব।

এ ব্যাপারে লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোস্তফা পাটওয়ারী বলেন, শফিকুলের ছেলেরা গিয়ে মেয়ের শ্বশুরবাড়ি থেকে তাকে নিয়ে এসেছে। এখন তিনি বড় ছেলে জাহাঙ্গীর আলমের ঘরেই আছেন। ভবিষ্যতে ফের এমন কোনো কাজ করবেন না বলে বৃদ্ধের ছেলেরা লিখিত মুচলেকাও দিয়েছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে শফিকুল ইসলাম বার্ধক্যজনিত রোগে শয্যাশায়ী। তিনি ছাপাখানায় কাজ করতেন। ২ বছর আগে তিনি ৪ ছেলে ও ৩ মেয়েকে তার সম্পত্তি ভাগ করে দেন। ছেলেদের মধ্যে শাহ আলম অবসরপ্রাপ্ত সেনা সদস্য, জাহাঙ্গীর আলম বিজিবি সদস্য, আলমগীর হোসেন প্রবাসী। আরেক ছেলে সোহাগ কয়েক বছর আগে মারা গেছেন। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সবারই বহুতল ভবনের বাড়ি রয়েছে। অসুস্থ শফিকুল তার ছেলে জাহাঙ্গীর আলমের বাসায় ছিলেন। কিন্তু বাবার পরিচর্যা করতে অনীহা দেখিয়ে শুক্রবার সকালে বাসা থেকে বের করে অন্য ছেলে আলমগীর হোসেনের বাসা স্বপ্ন মহলের সামনে উঠানে ফেলে রাখেন। এরপর কোনো ছেলেই অসুস্থ বাবাকে ঘরে তোলেননি। উঠানে শফিকুলকে পড়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি জেলা প্রশাসনকে খবর দেন। পরে বড় মেয়ে সুরাইয়া বেগম বাবার দায়িত্ব নিয়ে তার শ্বশুরবাড়িতে নিয়ে যান।

পরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ শফিকুলের ছেলে ও প্রতিবেশীদের নিয়ে বৈঠক করেন। এ সময় বাড়িতে থাকা ২ ছেলে লিখিতভাবে মুচলেকা দিয়ে বাবাকে সঙ্গে রেখে সেবা-যত্ন করার অঙ্গীকার করেন। এর পরিপ্রেক্ষিতেই শনিবার মজুপুর এলাকার বোনের বাড়ি থেকে বৃদ্ধ বাবাকে নিয়ে আসেন দুই ছেলে ও নাতি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর