শেরপুরে প্রধানমন্ত্রীর উপহারের ধসে যাওয়া ঘর পরিদর্শন

বগুড়ার শেরপুরে খানপুর ইউনিয়নের করোতোয়া খালের পাড়ে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের রঙিন টিনের ঘর বৃষ্টির পানিতে ধসে পড়ার ঘটনায় শনিবার (১০ জুলাই) সকালে পরিদর্শনে এসেছিলেন আশ্রয়ন প্রকল্প-২ এর পরিচালক মাহবুব হোসেন।

ঘটানস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানায়, আমরা প্রথমে ভেবেছিলাম অবহেলার কারণে প্রকল্পের ঘরগুলো ভেঙ্গে পড়েছে। আসলে তা নয়। কয়েকদিনে টানা বর্ষনের কারণে ঘরের আর সিসি পিলারের নিচে থেকে মাটি ধসে যাওয়ায় ২২ টি ঘরের মধ্যে ৭ টি ঘরের টয়লেট ও রান্নাঘর ধসে গিয়েছে। জায়গা নির্ধারণে ভুল ছিল। এখন মেরামত কাজ চলছে। অতিবৃষ্টিতে আর মাটি ধসে যেতে না পারে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। আশা করি খুব দ্রুত এই ঘরের মালিকরা শংকামুক্ত জীবন যাপন করতে পারবেন।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক, আশ্রয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী ইসতিয়াক নাসির, মনিটরিং অফিসার মো. নাসির উদ্দিন, বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. সাবরিনা শারমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. ছামসুন্নাহার শিউলী, উপজেলা যুবলীগের সভাপতি তারেকুল ইসলাম তারেক প্রমূখ।

উল্লেখ্য, গত ২২ ও ২৮ জুনের প্রবল বর্ষনে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালি করোতোয়া খালের উপর নির্মিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্পের রঙিন টিনের ২২ টি ঘরের মধ্যে ৭ টি ঘরের মাটি ধসে গিয়ে নির্মানাধীন ঘরের একাংশ ভেঙ্গে যায়। তারপর থেকে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের তদরকিতে চলছে মেরামত কাজ।

রাশেদুল হক/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর