সারাদেশে কঠোর লকডাউনের ১০ম দিনে সড়কে বেড়েছে যানবাহন ও পথচারীদের ভিড়। বিভিন্ন পয়েন্টে বসেছে পুলিশের চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি। তবু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না মানুষের চলাচল।
শনিবার (১০ জুলাই) সকালে কলাবাগানের রাসেল স্কয়ারে সমন্বিত চেকপোস্ট বসায় পুলিশ ও র্যাব।
পুলিশ জানায়, ছুটির দিন হলেও অন্যান্য দিনের তুলনায় সড়কে যানবাহনের চাপ বেশি ছিলো আজ। এম্বুলেন্স, পণ্যবাহী যানবাহনসহ জরুরি সেবার আওতায় যেসব যানবাহন চলাচল করছে সেগুলোর ব্যাপারে কিছুটা শিথীলতা দেখালেও অন্যান্য যানবাহন তল্লাশী করা হচ্ছে এই চেকপোস্টে।
একই চিত্র দেখা যায় ধানমন্ডির সিটি কলেজের সামনের সড়কে। একজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এখানে চেকপোস্টে যানবাহন ও পথচারীদের বাইরে বের হবার যৌক্তিকতা জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জরুরি প্রয়োজন না হলে কিংবা যানবাহনের বৈধ কাগজপত্র না থাকলে তাদেরকে জরিমানা ও মামলার আওতায় আনা হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
বার্তাবাজার/পি