অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের কোনো ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (১০ জুলাই) দুপুরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড কারখানায় আগুনের ঘটনায় মামলা হয়েছে। এরই মধ্যে তদন্ত টিম গঠন করা হয়েছে। এখন তদন্ত হবে ও দোষীদের বিচার হবে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে ঘটনাটি ঘটেছে সেটা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। অগ্নিকাণ্ডে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা অসুস্থ, তারা দ্রুত ফিরে আসবেন বলে আশা করছি।
তিনি আরও বলেন, এ ঘটনায় যদি সামান্যতম ভুলভ্রান্তি করে থাকে তাহলে কারো ছাড় নেই, তাদের আইন অনুযায়ী বিচার করা হবে। আহতদের সুচিকিৎসা এবং নিহতের সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, শনিবার (১০ জুলাই) অগ্নিকাণ্ডের ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান ও এমডিসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে।
বার্তা বাজার/নব