চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক ও কবি অরুণ দাশ গুপ্ত আর নেই

চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক ও কবি অরুণ দাশ গুপ্ত আর নেই। শনিবার (১০ জুলাই) দুপুর বারোটার সময় পটিয়া উপজেলার ধলঘাটস্থ গ্রামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অকৃতদার এই প্রবীন সাহিত্যিক- সাংবাদিকের মৃত্যুতে চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক সংগঠেনর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে তার আত্মার শান্তি কামনা করেছেন।

১৯৭৩ সালে কবি অরুণ দাশগুপ্ত যোগ দেন দৈনিক আজাদীতে। ১৯৩৬ সালের ১ জানুয়ারি ধলঘাট গ্রামে জমিদার যশোদা নন্দন ওয়াদ্দেদার (দাশগুপ্ত) এর পুত্র অবিনাশ ওয়াদ্দেদারের ঔরসে জন্ম অরুণ দাশগুপ্ত’র। কবিতা, চিত্রকলা, ছোটগল্প, সঙ্গীত ক্ষেত্রে তাঁর অবাধ বিচরণ। পেয়েছেন অনেক পুরস্কার। অরুণ দাশগুপ্ত রচিত ও প্রকাশিত গ্রন্থাবলী ‘রবীন্দ্রনাথের ছয় ঋতুর গান ও অন্যান্য’, ‘নবীনচন্দ্র সেন’, ‘কবিতা চিন্তা ও অন্যান্য প্রবন্ধ’, কবিতার বই ‘খাণ্ডবদাহন’।

ধলঘাট স্কুলে প্রাথমিক শিক্ষা শেষে তাঁকে পাঠিয়ে দেওয়া হয় কলকাতায়। সেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় জীবন শেষ করেন তিনি। এরপর দেশমাতৃকার টানে ফিরে আসেন চট্টগ্রামে। ততদিনে জমিদারি প্রথা বিলুপ্তির পথে। হাতছাড়া হয়ে গেছে বিপুল সম্পদ।

এসময় মিরসরাইয়ের এক গ্রামে প্রতিষ্ঠিত উচ্চ বিদ্যালয়ে তিনি নিলেন শিক্ষকতার চাকরি। এরপর ফটিকছড়ির নারায়ণহাট স্কুলে। অবশেষে সব ছেড়ে আসেন সাংবাদিকতায়।

সুমন শাহ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর