নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির কর্ণধার সজীব গ্রুপের চেয়ারম্যান ও এমডিসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ জুলাই) দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন এই ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। এর কিছুক্ষণ পরই প্রতিষ্ঠানটির ৮ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে রয়েছেন সজীব গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম।
স্বরাষ্টমন্ত্রী বলেছিলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড কারখানার আগুনের ঘটনায় মামলা হবে, তদন্ত হবে এবং দোষীদের বিচার হবে। গাফিলতি বিন্দুমাত্র থাকলেও কারো ছাড় নেই।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (০৮ জুলাই) বিকালে রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় অবস্থিত কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের চেষ্টায় দীর্ঘ ২৯ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ইতোমধ্যে ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৪৫ জন।
বার্তা বাজার/এসজে