খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার কমেছে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে।
এ সময়ে ৭৭২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার (৯ জুলাই) এ বিভাগে ৭১ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ৬৫৬ জনের।
শনিবার (১০ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা।
গত ২৪ ঘণ্টায় মৃত ৪৬ জনের মধ্যে সর্বোচ্চ ১৮ জন কুষ্টিয়ার। এছাড়াও খুলনায় ১০ জন, যশোরে ১০ জন, ঝিনাইদহে চারজন, নড়াইলে দুইজন ও মেহেরপুরে দুইজন মারা গেছেন।
উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত এ বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৯৫৯ জন। করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১ হাজার ৫৩৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ হাজার ২৫২ জন।
বার্তা বাজার/নব