রূপগঞ্জ ট্রাজেডি: জুস কারখানার মালিক নজরদারিতে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে ৫৩ জন মৃত্যুর ঘটনায় সেই প্রতিষ্ঠানের মালিককে নজরদারির মধ্যে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, জুস কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, খুব অল্প সময়ের মধ্যে মামলা হবে। এরই মধ্যে কয়েকজনকে নজরদারির মধ্যে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি চাইলে মামলা করতে পারেন, না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

বৃহস্পতিবার(৮ জুলাই) বিকালে হাসেম ফুডসের ওই কারখানায় অগিন্কাণ্ডের ঘটনা ঘটে। এরই মধ্যে ৫৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালেও উদ্ধার অভিযান শুরু করেছে।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আবির হোসেন জানান, ফায়ার সার্ভিস এখনও ওই ভবনে কাজ করছে। আগুন পুরোপুরি নিভিয়ে কারখানাটি তাদের বুঝিয়ে দেবে। ভবনটি বুঝে পাওয়ার পর মামলা করার আগে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিদর্শন করবেন।

কারখানার কর্মকর্তা-কর্মচারী কারা কোন দায়িত্বে ছিলেন, তাদের তালিকা তৈরির কাজ চলছে বলে নারায়ণগঞ্জ পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, এরই মধ্যে মালিকসহ একটি প্রাথমিক তালিকা তৈরি হয়েছে। তার ভিত্তিতে তাদের নজরদারিতে রাখা হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর