রূপগঞ্জ ট্র্যাজেডি: নিহতদের পরিচয় শনাক্তে ১ মাস সময় লাগবে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহতদের পরিচয় শনাক্ত করতে এক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের ডিএনএ পরীক্ষক মোহাম্মদ মাসুদ রাব্বী সবুজ।
শনিবার (১০ জুলাই) সকালে তিনি বলেন, ২৬টি মরদেহের বিপরীতে ৩৫ জন দাবিদারের নমুনা সংগ্রহ করা হচ্ছে। এখনও সব দাবিদার আসেনি। তারা এলে তাদের নমুনা নেওয়া হবে। ইতোমধ্যে যাদের নমুনা নেওয়া হয়েছে সেগুলো ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। আশা করা যায়, এক মাসের মধ্যে পরিচয়গুলো আমরা শনাক্ত করতে পারব।
মোহাম্মদ মাসুদ রাব্বী সবুজ বলেন, নিহতদের পরিচয় রূপগঞ্জ থানা ও জেলা প্রশাসকের মাধ্যমে স্বজনরা জানতে পারবেন। এই ঘটনার সঙ্গে তারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট। পরিবারগুলো ওনাদের মাধ্যমে তথ্য পেতে পারে।
তিনি আরও বলেন, মৃত ব্যাক্তির দাবিদাররা এসেছেন। আমরা তাদের কাছ থেকে রক্ত নিচ্ছি, রেফারেন্স নমুনা সংগ্রহ করছি। মৃতদেহের দাঁত ও হাড় সংগ্রহ করা হয়েছে। আমরা এই নমুনাগুলো পরীক্ষা-নিরীক্ষা করব।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ জুলাই ) বিকাল সাড়ে ৫টার পর কারখানাটিতে আগুন লাগে। আগুনে এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৫০ জনের অধিক।
বার্তা বাজার/নব