করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা ভারত। দেশটিতে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। কিন্তু এর মধ্যেই দেশটির কেরালায় জিকা ভাইরাস হানা দিয়েছে। সতর্কতা জারি করেছে রাজ্য সরকার।
জিকা ভাইরাস নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য কর্মকর্তাদের নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য মহাপরিচালক অজয় চক্রবর্তী।
জানা গেছে, কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে ২৪ বছর বয়সী এক নারীর দেশে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি গত ৭ জুলাই সন্তান জন্ম দেন। এই ভাইরাসের উপসর্গ দেখা দিলে তাকে ২৮ জুন হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জিকা ভাইরাসে ১৪ জনের সংক্রমণের খবর আসার পর রাজ্যজুড়ে সব জেলায় সতর্কতা ঘোষণা করা হয়েছে।
তিরুবনন্তপুরমে জিকা ভাইরাস শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ। আক্রান্তদের বেশিরভাগই স্বাস্থ্যকর্মী বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, এডিস মশার মাধ্যমে জিকা ভাইরাস ছড়ায়। অন্তঃসত্ত্বারা আক্রান্ত হলে এ ভাইরাস ভ্রুণের ক্ষতি করতে পারে। এতে করে গর্ভের শিশু বিকলাঙ্গ হয়ে জন্ম নিতে পারে। জিকা ভাইরাসের লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, ত্বকের ফুসকুড়ি, অস্থিরতা বোধ, মাথা ব্যথা, পেশি ও জয়েন্টে ব্যথা।
বার্তা বাজার/নব