করোনায় মারা যাওয়া নারীকে গোসল করালেন ইউএনও

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এক নারীর মরদেহ ধরছেন না স্বজনরা। এগিয়ে আসেননি প্রতিবেশীরাও। কয়েক ঘণ্টা মরদেহ পড়ে রয়েছে বাড়িতে। এমন খবর পাওয়ার পর উপজেলাটির নির্বাহী কর্মকর্তা নিজে মৃতদেহটি গোসল এবং দাফন করাতে উদ্যোগী হন। পিরোজপুরের কাউখালীর মানবিক এই নির্বাহী কর্মকর্তার নাম খালেদা খাতুন রেখা।

শুক্রবার(৯ জুলাই) বিকাল ৩টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান কাউখালীর উজিয়ালখান গ্রামের ওই নারী। শুক্রবার রাত ১০টার দিকে তাঁর মৃতদেহ গোসল করান খালেদা খাতুন রেখা।

ইউএনও খালেদা খাতুন আগে কখনও মৃতদেহের গোসল করাননি। কিন্তু ইতিমধ্যে শিখে নিয়েছেন নিয়মরীতি। তাকে সহযোগিতা করেছেন সেচ্ছাসেবী মাহাফুজা মিলি এবং শামীমা আক্তার। মৃতদেহ গোসল করানোর আগে সুরক্ষাসামগ্রী (গাউন, হ্যান্ড গ্লাভস, মাস্ক, ক্যাপ ও বুটজুতা) পরিধান করে ধর্মীয় রীতি অনুসরণ করা হয়েছে।

রাত ১২টার দিকে কাউখালী উজিয়ালখান গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা’র করোনায় মৃত নারীর লাশ গোসল করানোর সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ লিখেছেন ‘মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা।’

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর