শ্রীপুরে ছাত্রদল নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধার সন্তানের দোকান ভাংচুর

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের দরিবিলা গ্রামে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানের দোকান ভাংচুরের ঘটনা ঘটছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

জানা যায়, উপজেলার শ্রীকোল ইউনিয়নের দরিবিলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা রজব মোল্যার ছেলে সাকেদুর রহমান লিমন তার মুদি দোকানটি গতকাল বৃহস্পতিবার মেরামত করেন। রাতেই তার দোকান প্রতিপক্ষের লোকজন ভাংচুর চালিয়ে পালিয়ে যায়। তবে ওই গ্রামে দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামাজিক দলাদলির মাধ্যমে প্রায়ই সংঘাতের ঘটনা ঘটে।

ভাংচুরের ঘটনাটি থানায় অবহিত করলে অনুসন্ধান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো দরিবিলা গ্রামের আমিরুল খোন্দকারের ছেলে সুমন খোন্দকার (৩০) একই গ্রামের হামিদুল মোল্যার ছেলে লাভলু মোল্যা (২৫) এবং ফকরুদ্দিন মোল্যার ছেলে সেলিম মোল্যা (৩০)

পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী লিমন একই গ্রামের ৭ জনকে আসামী করে শুক্রবার থানায় মামলা দায়ের করেন।

লিমন বলেন, তার নিজের দোকান মেরামতের জন্য টিন, সিমেন্টের খুটিসহ বেশ কিছু মালামাল গত সোমবার দোকানের মধ্য রেখে তালা লাগিয়ে বাড়িতে যান ওই দিন রাতেই দোকানের তালা ভেঙ্গে দোকান মেরামতের ওইসব মালামাল চুরি হয়ে যায়। চুরি হওয়ার বিষয়টি তিনি শ্রীপুর থানায় অবহিত করেন এবং দোকান মেরামতের মালামাল পুনরায় ক্রয় করে গতকাল বৃহস্পতিবার মেরামতের কাজ সম্পূর্ণ করেন। রাত ১২ টার দিকে তার দোকান ভাংচুর করা হয়।

এ ঘটনার নেতৃত্বদানকারী দরিবিলা গ্রামের বাসিন্দা ইদ্রিস মোল্যার ছেলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেমায়েতসহ একই গ্রামের ৭ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন লিমন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রদল নেতা হেমায়েতের মোবাইলে একাধিক বার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।পরবর্তীতে নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।

উপজেলা ছাত্রদলের আহবায়ক মুন্সী ইয়াছির আলী সোহেল তার দলের সদস্য সচিব হেমায়েত এ ঘটনার সাথে জড়িত কিনা এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। তবে তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত হলে জেলা নেতৃবৃন্দদের মাধ্যমে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় জানান, দোকান ভাংচুরের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃত আসামীদের ইতিমধ্যে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তাছিন জামান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর