রাজশাহীতে করোনায় প্রাণ গেল আরও ১৪ জনের

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন।

শনিবার (১০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গে নিয়ে আটজন মারা গেছেন।

ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, মৃতদের মধ্যে সাতজন রাজশাহীর, চারজন নাটোরের, একজন পাবনার, একজন জয়পুরহাটের ও একজন চুয়াডাঙ্গার।

এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে রাজশাহীর দুইজন, নাটোরের তিনজন ও পাবনার একজন মারা গেছেন। অন্যদিকে করোনার উপসর্গ নিয়ে রাজশাহীর পাঁচজন, নাটোরের একজন, জয়পুরহাটের একজন ও চুয়াডাঙ্গার একজনের মৃত্যু হয়েছে।

রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৪৫৪টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৫২২ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর