আবারও করোনার হটস্পট নারায়ণগঞ্জ!

নারায়ণগঞ্জে অস্বাভাবিক মাত্রায় বেড়ে চলছে করোনা ভাইরাস সংক্রমন। কঠোর লকডাউনেও সংক্রমন বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।

গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা সংখ্যা ২১৫ জন। তবে নতুন করে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ পর্যন্ত জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের মোট সংখ্যা ২২৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ১৯০ জন। এ সময়ে নতুন সুস্থ ৫৯ জন। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৪৬৬ জন।

শুক্রবার (০৯ জুলাই) সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

নগরবাসীদের দাবি, শহরে বেসামরিক প্রশাসনের পাশাপাশি সামরিক বাহিনী কঠোর অবস্থানে থাকলেও স্বাস্থ্যবিধি মানছে না অনেকেই। সমানতালে আড্ডা চলছে চায়ের দোকানগুলোতে। এতে করে করোনা মোকাবেলায় হুমকির মুখে পড়তে হচ্ছে প্রশাসনকে। প্রতিদিনই নিত্য নতুন সংক্রমণের রেকর্ড গড়ছে।

দেখা যাচ্ছে, শহরের এলাকাগুলোতে সরকারি নির্দেশনা মোতাবেক, সামাজিক দূরত্ব বজায় রেখে অনেকেই চলছে না। অবাধে চলাচল করতে দেখা গেছে সদর উপজেলার ফতুল্লার বেশ কয়েকটি এলাকাতে।

শুক্রবার (০৯ জুলাই) ফতুল্লার বেশ কয়েকটি এলাকা ঘুরে এবং খোঁজ খবর নিয়ে জানা গেছে, ফতুল্লার লাললপুর, ইদ্রাকপুর, রেলস্টেশন, মুসলিমনগর, কুতুবআইল, সস্তাপুর, কোতালেরবাগ, ইসদাইর, নয়ামাটি, ধর্মগঞ্জ, ফাজিলপুর, পঞ্চবটিসহ বেশ কয়েকটি এলাকাতে যত্রতত্র মানুষের জটলা। কিছু দোকানপাট খোলা এবং অবাধে একজন আরেকজনের সংস্পর্শে আসছে। সামাজিক দূরত্ব মানার প্রয়োজনীতা মনে করছে না কেউ।

সাধারন মানুষদের মতে, শহরের এলাকাগুলোতে প্রশাসনের কঠোরতা থাকলেও বাইরের এলাকাতে তেমন কোনই নজরদারি নেই। মানুষের এমন অবাধে চলাফেরা বন্ধ করতে হলে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। এসব বিষয়গুলিকে আমলে নিয়ে কঠোর হস্তে তা দমন করা না গেলে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে। যার ফলে প্রতিদিন আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অসংখ্য মানুষের।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর