কারখানাটির কেমিক্যাল গুদামের অনুমোদন ছিল না

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের প্রতিষ্ঠান হাশেম ফুডের ফ্যাক্টরির ৬ তলা ভবনটিতে কেমিক্যাল গুদাম ব্যবহার করার জন্য কোনো লাইসেন্স ছিল না বলে জানিয়েছে বিস্ফোরক পরিদরপ্তর।

শুক্রবার (০৯ জুলাই) ঘটনাস্থল প্রাথমিক পরিদর্শন শেষে পরিদর্শক মো. আব্দুর রব জানান, তাদের পরিদর্শনের সময় ভবনে আগুন জ্বলতে থাকায় তদন্ত শেষ করতে পারেনি। আবারও পরিদর্শন করে টিমের পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। এর ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিস্ফোরক পরিদপ্তর থেকে এই প্রতিষ্ঠানকে কোনো লাইসেন্স দেওয়া হয়নি। তারা ফুড কেমিকেল নিয়ে কাজ করার কারণে অন্য সংস্থার লাইসেন্স নিতে পারে। তবে বিস্ফোরক পদার্থের গোডাউন করলে অবশ্যই লাইসেন্স নিয়ে করতে হবে। তারা অনুমতি ছাড়া বিস্ফোরক পদার্থ নিজেদের মতো করে গোডাউনে রাখলে আইন অনুযায়ী শাস্তি হবে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) দেবাশীষ বর্ধন জানান, ভবনটিতে প্লাস্টিক, পেট্রোসিনথেটিক কেমিক্যাল পদার্থ, রেজিন, বিভিন্ন জুসের ফ্লেভার, রোল, ফয়েল প্যাকেট ও কার্টনসহ বিভিন্ন মালামালে গুদাম ভর্তি ছিল। প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন ভয়াবহ রূপ নেয়। এজন্যই আগুন নেভাতে এত সময় লেগেছে।

এর আগে বৃহস্পতিবার (০৮ জুলাই) বিকালে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। টানা ২২ ঘন্টার এই আগুনে মারা গেছেন ৫২ জন। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৪৫ জন শ্রমিক।

নিহতদের মধ্যে ৪৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়। তাদের দেহ এত বেশী পুড়ে গেছে যে, শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তাই তাদের ডিএনএ টেস্ট করা হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর