কারখানায় আগুন: পুলিশের সাথে সংঘর্ষের সময় অস্ত্র লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের ভুলতায় সেজান জুস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজদের খোঁজে আসা স্বজনদের সাথে সংঘর্ষ বাঁধে পুলিশের। এসময় উভয় পক্ষের মধ্যে ঘটে ধাওয়া পাল্টা দাওয়া।

শুক্রবার (০৯ জুলাই) বেলা ১১টার দিকে সংঘর্ষের এই ঘটনা ঘটে।

স্বজনদের ইটপাটকেলের জবাবে পুলিশের রাবার বুলেট ও কাঁদানো গ্যাস নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কারখানার আনসার ক্যাম্প থেকে অস্ত্র লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আনসার ক্যাম্পের ইনচার্জ নাছিমা বেগম জানান, বিক্ষুদ্ধ শ্রমিকরা হাসেম ফুডের কারখানায় থাকা আনসার ক্যাম্পে প্রবেশ করে ভাংচুর চালায়। এ সময় শ্রমিকরা ক্যাম্পের অস্ত্র সংরক্ষণাগারের তালা ভেঙে তিনটি শর্টগান লুট করে নেয়। এ হামলায় কাউসার, বিশ্বজিত, ফারুক, মোশারফসহ পাঁচ আনসার সদস্য আহত হন। পরে অস্ত্রগুলোর মধ্যে দু”টিকে পাশের একটি জলাশয় থেকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর