ক্ষুধার তাড়নায় সারাবিশ্বে প্রতি মিনিটে ১১ জন করে মানুষ মারা যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। সম্প্রতি তাদের এক প্রতিবেদিনে সারা বিশ্বে দরিদ্রতার এমনই চিত্র তুলে ধরা হয়েছে। আল জাজিরার এক খবরে ওই প্রতিবেদনের বরাতে আরও জানানো হয়েছে, দুর্ভিক্ষের মতো অবস্থায় রয়েছে এমন মানুষের সংখ্যা এক বছরে ৬ গুন বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার (০৯ জুলাই) ‘দ্য হাঙ্গার ভাইরাস মাল্টিপলস’ শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, করোনার মহামারিতে সারা বিশ্বে যেখানে মানুষ মারা যাচ্ছেন প্রতি মিনিটে ৭ জন। সেখানে ক্ষুধার কারণে মিনিটে মারা যাচ্ছেন ১১ জন করে।
এ বিষয়ে অক্সফাম আমেরিকার প্রেসিডেন্ট ও সিইও অ্যাবি ম্যাক্সম্যান জানান, এই পরিসংখ্যান অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই মানুষগুলো অচিন্তনীয় কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। এমনকি একজন মানুষের কষ্টও অনেক গুরুত্বপূর্ণ।
তাদের হিসেবে, বিশ্বের প্রায় ১৫ কোটি ৫০ লাখ মানুষ চরম খাদ্য সংকটে ভুগছে। গত বছরের তুলনায় এ বছর এ সংখ্যা ২ কোটি বেড়েছে। দুই তৃতীয়াংশই এই সংকটে রয়েছে কারণ তাদের দেশে যুদ্ধ চলছে। মহামারির আগে ইথিওপিয়া, মাদাগাস্কার, দক্ষিণ সুদান ও ইয়েমেনে ৮৪ হাজার ৫০০ জনের তীব্র খাদ্য সংকট ছিল।
খাদ্যের সংকট বৃদ্ধির কারণ হিসেবে তারা জানায়, কোভিড-১৯ মহামারি, জলবায়ু পরিবর্তন ও যুদ্ধ। এরমধ্যে শুধু যুদ্ধের কারণে ২৩ টি দেশে ১০ কোটির বেশি মানুষের খাদ্য সংকট সৃষ্টি হয়েছে।
বার্তা বাজার/এসজে