আলোচিত ও সমালোচিত ই-কমার্স ব্যবস্থা প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও এমডি মো. রাসেলের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (০৮ জুলাই) এই নিষেধাজ্ঞা জারির ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানিয়েছে সরকারের এই সংস্থাটি।
দুদক জানায়, ইভ্যালির বিরুদ্ধে আসা বিভিন্ন অভিযোগের অনুসন্ধান করার সময় জানা গেছে, এটির চেয়ারম্যান ও এমডি গোপনে দেশ থেকে চলে যাওয়ার চেষ্টা করছেন। তাই দুদকের ধারণা, অনুসন্ধান কার্যক্রম চলমান থাকা অবস্থায় অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হবে। এ কারণে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
এমন পদক্ষেপের ব্যাপারে ইভ্যালির এমডি মো. রাসেল জানান, বিদেশে যাওয়ার আগেও কোনো ইচ্ছা ছিল না, ভবিষ্যতেও থাকবে না। এই সময়ে কোনো দেশের ভিসাও নেওয়া নেই। দুদকের এই পদক্ষেপে বরং ভালো হলো। এই নিষেধাজ্ঞার কারণে গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে আস্থার সংকট থাকলে তা লাঘব হবে।
দুদকের একটি সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের পাশাপাশি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে গত বছরের নভেম্বরে ইভ্যালির কার্যক্রম অনুসন্ধান শুরু করে দুদক। এজন্য দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী ও উপসহকারী পরিচালক শিহাব সালামের সমন্বয়ে গঠিত হয় দুই সদস্যের কমিটি।
বার্তা বাজার/এসজে