আগুন লাগতেই পারে, এর দায় নিবো না: সজীব গ্রুপের চেয়ারম্যান
নারায়ণগঞ্জের ভুলতায় অবস্থিত সজীব গ্রুপের প্রতিষ্ঠান সেজান জুসের কারখানায় লাগা আগুনের দায় নেবে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবুল হাশেম। তিনি এই ঘটনাকে নিতান্ত একটি দুর্ঘটনা বলে অভিহিত করেন।
আবুল হাশেম গণমাধ্যমকে বলেন, আগুনের ঘটনার দায় নেব না। এটা নিতান্তই একটি দুর্ঘটনা। এখানে একই সারিতে ছয়টি ভবনে ছয়টি ফ্যাক্টরি আছে। যে ভবনে আগুন লেগেছে, সেখানে পাঁচ–ছয়’শ শ্রমিক কাজ করত। জীবনে বড় ভুল করেছি ইন্ডাস্ট্রি করে।
তিনি আরও বলেন, ইন্ডাস্ট্রি করলে শ্রমিক থাকবে। শ্রমিক থাকলে কাজ হবে। কাজ হলে আগুন লাগতেই পারে। এর দায় কি আমার? আমি তো আর গিয়ে আগুন লাগাই নাই। এই দায় আমার না।
এর আগে বৃহস্পতিবার (০৮ জুলাই) বিকাল পৌনে ৬টার দিকে ওই কারখানাটিতে আগুন লাগে। সারারাতের চেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও সকালে আবারও ছড়িয়ে পড়ে। পরে দুপুরের দিকে নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখন পর্যন্ত ৫২ জন মারা গেছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ভবনটির ৪র্থ তলা থেকেই ৪৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে মৃতের এই সংখ্যা আরও অনেক বাড়তে পারে। কারখানাটির পঞ্চম তলায় সেমাই, সেমাই ভাজার তেল, পলিথিন; অন্য পাশে কারখানার গুদাম ছিল। এছাড়া কিছু কেমিক্যাল ছিল বলেও জানিয়েছে শ্রমিকরা।
এ ছাড়া কারখানাটির নিচতলায় পলিথিন তৈরির কারখানা, দ্বিতীয় তলায় টোস্ট-বিস্কুট, তৃতীয় তলায় জুস-লাচ্ছি, চতুর্থ তলায় ললিপপ ও চকলেট তৈরির কারখানা ছিল।
কিভাবে এই আগুনের সূত্রপাত তা এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণের পর সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ১৮টি ইউনিট।
বার্তা বাজার/এসজে