মঠবাড়িয়ায় কলেজ ছাত্র অপহরণ: ‘৯৯৯’ এ ফোন করে উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আসলাম নামে এক কলেজ ছাত্রকে অপহরণ করে হত্যা চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। পরিবারের লোকজন ৯৯৯ এ ফোন দিলে মঠবাড়িয়া থানা পুলিশ ও ভান্ডারিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
ভোক্তভোগী আসলাম মিরুখালী ইউনিয়নের দেবিপুর গ্রামের হাবিবুল্লাহ হাওলাদারের পুত্র । তিনি ঢাকার কবি নজরুল কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র। বর্তমানে ঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
জানা গেছে, আসলাম ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। গত ২১ জুন ইউপি নির্বাচনে পরাজিত নৌকা প্রার্থীর নির্বাচনী কর্মী ছিলেন তিনি। নির্বাচনের পর স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপ প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দিয়ে আসছিলো।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ওই সন্ত্রাসী গ্রুপটির একজন সোর্স ভোক্তভোগী আসলামকে কৌশলে ডেকে ইকড়ি বাজারের কাছাকাছি একটি নির্জন স্থানে নিয়ে যায়।
সেখানে ১৪/১৫ জন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র দেখিয়ে আটকে রেখে মোবাইল বিকাশ একাউন্টে থাকা ৩ হাজার টাকা ও নগদ ১৩ হাজার টাকা নিয়ে নেয়। ঘন্টাখানেক আটকে রাখার পর মটরসাইকেল যোগে ভান্ডারিয়া উপজেলার বোতলা এলাকার নির্জন স্থানে নিয়ে হাত পা বেধে হত্যার উদ্দেশ্যে নির্যাতন করতে থাকে।
পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। রাত ৩ টার দিকে হাত পা বাঁধা অবস্থায় পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। ভোক্তভোগী ঘটনায় জড়িত কয়েকজনকে চিনতে পেরেছে বলে জানিয়েছে।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি নূরুল ইসলাম বাদল বলেন, ওই রাতেই ভোক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।
বার্তা বাজার/টি