টাঙ্গাইলে করোনা ও উপসর্গে ৪ জনের মৃত্যু, শনাক্ত ২৯০ জন
টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৫ জন চিকিৎসক, ৩০ জন নার্সসহ নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৯০ জন। আক্রান্তের হার শতকরা ৪০.৪৪ ভাগ।
শুক্রবার (৯ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চারজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এছাড়াও জেলার নতুন করে ২৯০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু হয়েছে ১৫০ জনের। আর করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮শ’ ৬৫ জনে। সুস্থ হয়েছেন ৫১৯৮ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭৭৭ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬০৫৪ জন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম সজিব জানান, একদিনে হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত ৮০ জন ও উপসর্গ নিয়ে ৬৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
হাসান সিকদার/বার্তা বাজার/টি